প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 15, 2026 ইং
আনোয়ারায় মারামারির ঘটনায় আসামি যুবদল নেতা, নির্দোষ দাবিতে সংবাদ সম্মেলন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারায় অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে ঘটে যাওয়া মারামারির ঘটনায় নিজের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদল নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক মো. আজম খাঁন।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালাবিবির দিঘীর মোড়স্থ সাংবাদিক সমিতি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে আজম খাঁন জানান, গত ৫ সেপ্টেম্বর চাতরী-চৌমুহনী বাজারের হাজী এ আলী শপিং কমপ্লেক্সে কাঁচাবাজার ও মার্কেট ব্যবসায়ীদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। রাজনৈতিক ও মানবিক দায়িত্ববোধ থেকে তিনি আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর মো. দেলোয়ার হোসাইন বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলায় তাঁকে ২ নম্বর আসামি করা হয়। মামলায় বর্ণিত ৫ সেপ্টেম্বর সন্ধ্যার হত্যাচেষ্টার ঘটনাকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন।
আজম খাঁন উল্লেখ করেন, ঘটনার সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে অবস্থান করছিলেন, যার সাক্ষী আনোয়ারা থানার দায়িত্বরত পুলিশ সদস্য ও স্থানীয় ব্যবসায়ীরা। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে তাঁর উপস্থিতির সঠিক সময় ও সত্যতা প্রমাণিত হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, অতীতে রাজনৈতিক কারণে তিনি কারাবরণ করেছেন এবং এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই একটি পক্ষ তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করেছে। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতির জন্য প্রশাসন ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট